নিজস্ব প্রতিবেদক।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে পুলিশি বাধা ও নেতাকর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনাকে গণতান্ত্রিক চর্চার পরিপন্থী উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
রোববার (২ আগস্ট) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদের পুরাতন ভবনের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “নির্বাচনের পর দেশে রাজনৈতিক সহনশীলতার নতুন সংস্কৃতি গড়ে উঠবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিরোধী দলকে দমনে অতীতের বলপ্রয়োগনির্ভর রাজনীতির পুনরাবৃত্তি ঘটছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।”
তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে পুলিশি বাধা দেওয়া হয়েছে এবং একাধিকবার দলের নেতাকর্মীদের বহনকারী গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিতে এ ধরনের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, এ ধরনের ঘটনা রাজনৈতিকভাবে বিএনপির জন্যও নেতিবাচক বার্তা বহন করবে।
মতবিনিময় সভায় দেবিদ্বার পৌর এলাকার সিএনজি স্ট্যান্ড ইজারা নিয়েও কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য আইনসম্মতভাবে সিএনজি ও অটোরিকশা থেকে পৌর কর আদায় করা যেতে পারে। তবে নির্ধারিত এখতিয়ারের বাইরে কোনো ধরনের অর্থ আদায় বা জিবি ও চাঁদার নামে চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি সতর্ক করে বলেন, জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি কিংবা অবৈধ অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply