কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান বাড়ানো ও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দরিদ্র ও অসহায় রোগীদের জন্য আরও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে হাসপাতালের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ‘শহিদ খালেক মেজর সালেহ বীর উত্তম ট্রাস্ট’ এবং ‘সায়মা ইব্রাহিম নার্সিং স্বাস্থ্য সেবা কেন্দ্র, সফিপুর’-এর চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। হাসপাতালের বন্ধ থাকা বিভিন্ন সেবা পুনরায় চালু ও উন্নয়নমূলক কাজে তিনি ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মজিবুর রহমান। তিনি বলেন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরিব ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও জানান, হাসপাতালের সক্ষমতা বাড়ানোর বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করার উদ্যোগের কথাও সভায় তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমানো, স্বাস্থ্যসেবার মান উন্নত করা এবং হাসপাতালের অবকাঠামো আধুনিকায়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সাদিয়া তাসমিন মুনমুন, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ূন কবির খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply