ট্রাপ রিপোর্টার কুমিল্লা:
জলাবদ্ধতা, মাদকের বিস্তার, তীব্র যানজট এবং হকারদের পরিকল্পিত পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে সুজন—সুশাসনের জন্য নাগরিক কুমিল্লা জেলা ও মহানগর কমিটি।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা টাউন হলের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুজনের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, মাদকের বিস্তার, অসহনীয় যানজট এবং ফুটপাত-সড়ক দখল করে অপরিকল্পিতভাবে হকার বসানোর কারণে কুমিল্লার নাগরিক জীবন চরম দুর্ভোগে পড়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত, টেকসই ও কার্যকর উদ্যোগ নেওয়ার এখনই উপযুক্ত সময়।
তারা আরও বলেন, একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, সুশাসন ও কার্যকর নগর ব্যবস্থাপনাও নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে সুজন নেতারা জানান, রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে। এতে জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধি, যানজট কমাতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং হকারদের পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে নাগরিক দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হবে।
সুজন কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট শামিমা আক্তার জাহান, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু, মহানগর কমিটির সম্পাদক অধ্যাপক এনামুল হক, কুমিল্লা দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, কুমিল্লা প্রেস ক্লাবের সহসভাপতি সাদিক মামুন, সাংবাদিক শাহ আলম শফি, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্যসচিব নাসির উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠান পরিচালনা করেন সুজন মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ সরকার লিটন। সার্বিক সহযোগিতা করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নাগরিক সমস্যা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অন্যথায় কুমিল্লার জনদুর্ভোগ আরও বাড়বে। তারা জনস্বার্থে জলাবদ্ধতা, মাদক, যানজট ও হকার সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply