এশিয়া পয়েন্ট নিউজ পঞ্চগড়।
পঞ্চগড়ে এক সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর সঙ্গে নিজের ছবি যুক্ত করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন রাহেমীন মারিয়া এলিন। তিনি দাবি করেছেন, এতে তাঁর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মারিয়া এলিন জানান, তিনি পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের বিএসএস শেষ বর্ষের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মারিয়া সরকার’ নামে পরিচিত।
তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনের প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে একটি সামাজিক সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনার সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে একটি রেস্টুরেন্টে ছবি তোলা হয়েছিল। সম্প্রতি প্রতিমন্ত্রীকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেই পুরোনো ছবিটি ভিডিওর পাশে যুক্ত করে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে বিভ্রান্তিকর পরিচয়ে প্রচার করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভাইরাল ভিডিওতে থাকা নারী তিনি নন। অথচ পরিকল্পিতভাবে তাঁর ছবি ব্যবহার করে চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে, যার কারণে তিনি মানসিক, সামাজিক ও পেশাগতভাবে ক্ষতির মুখে পড়েছেন।
মারিয়া এলিন আরও বলেন, উপস্থাপনার কাজের সুবাদে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় রয়েছে। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। একই সঙ্গে তাঁকে ভিন্ন ধর্মাবলম্বী হিসেবে পরিচয় দিয়ে সামাজিক ও ধর্মীয় বিভ্রান্তি ছড়ানোরও চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
আবেগঘন বক্তব্যে এলিন জানান, তাঁর বাবা-মা দুজনই মারা গেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি পড়াশোনা ও ক্যারিয়ার গড়ে তোলার চেষ্টা করছেন। কিন্তু চলমান অপপ্রচার তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
ভাইরাল ভিডিওটির সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি কি না, সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত হওয়া উচিত।
সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রচলিত সাইবার আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply