নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com
সুনামগঞ্জ আদালতে আইনজীবীদের হট্টগোল

সুনামগঞ্জ আদালতে আইনজীবীদের হট্টগোল

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:

সুনামগঞ্জে এক আইনজীবীকে মারধরের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় আসামিদের জামিন মঞ্জুরকে কেন্দ্র করে আদালতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় বিচারকের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আইনজীবীদের সঙ্গে বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটে। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পঞ্চম তলায় অবস্থিত দ্রুত বিচার আদালতে বিচারক মো. নুরুল হকের এজলাসে জামিন শুনানির সময় এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, আইনজীবী শাহ আলম তুলিপের দায়ের করা দ্রুত বিচার মামলার তিন আসামি—আতাবুর রহমান ফারাজি, সাজিদুর রহমান ফারাজি ও সাব্বির আহমেদের জামিন শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বিচারকের এ সিদ্ধান্তের বিরোধিতা করেন উপস্থিত আইনজীবীরা। একপর্যায়ে আদালতকক্ষেই উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলে কয়েকজন আইনজীবী এজলাস ত্যাগ করেন।
জানা গেছে, প্রায় এক মাস আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দোয়ারাবাজার উপজেলার ট্যাংরাটিলা এলাকায় আইনজীবী শাহ আলম তুলিপ হামলার শিকার হন। পরে তিনি তিনজনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।
হট্টগোলের সময় বিচারক খাসকামরায় চলে যান। পরে দুপুর ২টার দিকে পুনরায় আদালতের বিচারিক কার্যক্রম শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
মামলার বাদী আইনজীবী শাহ আলম তুলিপ বলেন, দ্রুত বিচার আইনের মামলায় এ আদালতে আগে কোনো আসামি জামিন পেয়েছেন বলে তার জানা নেই। একজন আইনজীবীর ওপর হামলার মামলায় জামিন দেওয়ায় সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে আদালত বর্জনের মতো কোনো ঘটনা ঘটেনি; সবাই স্বাভাবিকভাবেই আদালত ত্যাগ করেছেন।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট শেরেনুর আলী বলেন, জামিনের বিরোধিতা জানানো হয়েছে। বিষয়টি নিয়ে আগামী রোববার আইনজীবীদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক বলেন, বিচারকের সঙ্গে কোনো মারমুখী পরিস্থিতি সৃষ্টি হয়নি। জামিনের সিদ্ধান্তকে কেন্দ্র করে সাময়িক মনোমালিন্য হয়েছিল, পরে আদালতের পরিবেশ স্বাভাবিক হয়ে যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com