গাজীপুর প্রতিনিধি:
শব্দদূষণ নিয়ন্ত্রণে এবং নাগরিকদের জন্য একটি শান্ত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। প্রথম ধাপে জেলার সরকারি যানবাহনগুলো অপ্রয়োজনীয় হর্ন ছাড়া চলাচল করবে। এরপর পর্যায়ক্রমে আধাসরকারি, বেসরকারি ও গণপরিবহনেও একই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, জরুরি প্রয়োজন ছাড়া কোনো যানবাহনে হর্ন ব্যবহার না করার অভ্যাস গড়ে তুলতে হবে এবং সরকারি গাড়িগুলোই এ ক্ষেত্রে সচেতনতার উদাহরণ সৃষ্টি করবে।
বুধবার সকালে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শব্দদূষণ রোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
পরে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরকারি ও আধাসরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথা জানিয়ে সতর্কবার্তা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, অপ্রয়োজনীয় হর্নের কারণে প্রতিনিয়ত শহরে শব্দদূষণ বৃদ্ধি পাচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থী, হাসপাতালের রোগী, বয়স্ক ব্যক্তি এবং সাধারণ মানুষের ওপর। দীর্ঘদিনের এই সমস্যা মোকাবিলায় প্রশাসন শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিকেও সমান গুরুত্ব দিচ্ছে।
জেলা প্রশাসনের আশা, সরকারি পর্যায় থেকে শুরু হওয়া এই উদ্যোগে পরিবহন মালিক, চালক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে আগামী কয়েক মাসের মধ্যেই গাজীপুরে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply