নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর (গাজীপুর):
গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কবরস্থানের নির্ধারিত জমি জবরদখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রতিকার চেয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কালিয়াকৈর থানার চাতলভিটি এলাকার মোসাঃ সাজেদা বেগমের বসতবাড়ির উত্তর পাশে পারিবারিক কবরস্থানের জন্য ৩ শতাংশ জমি সংরক্ষিত রয়েছে। অভিযোগকারী ও প্রতিবেশিদের সূত্রে জানা যায় যে, একই এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে মো. সোহরাব (৫৫), মো. সোহরাবের ছেলে মো. খোকন (৩০) এবং মো. সোহরাবের স্ত্রী খাদিজা বেগম (৫০) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন পূর্ব শত্রুতার জেরে ওই জমিতে অবৈধভাবে লজরদারি চালিয়ে আসছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ৬ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে কোনো অনুমতি বা তোয়াক্কা না করে অভিযুক্তরা ওই ৩ শতাংশ জমির ওপর দিয়ে জোরপূর্বক ১০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে সাজেদা বেগম ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তারা ভুক্তভোগীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লাঠিসোটা নিয়ে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন।
পরে স্থানীয় লোকজন ও আশপাশের মানুষের চিৎকারে এগিয়ে আসলে অভিযুক্তরা রাস্তা নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার হুমকি দেন। পাশাপাশি বাধা দিলে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনায় এলাকায় চরম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে কালিয়াকৈর থানার পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply