কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত বিসিএল (BCL) ফাইনাল-২০২৬ চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইনের ব্যবহৃত একটি আইফোন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফাইনাল ম্যাচে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। তাদের আগমনকে ঘিরে মাঠে দর্শক ও অতিথিদের ব্যাপক উপস্থিতি ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় ভিড়ের মধ্যে ইউএনওর ব্যবহৃত আইফোনটি হারিয়ে যায়। পরে তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিষয়টি জানান।
ঘটনার পরপরই পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন এবং কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি সম্পর্কে অবগত হন। এরপর ফোনটি উদ্ধারে তদন্ত কার্যক্রম শুরু হয়।
কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “ইউএনও স্যারের ফোন হারানোর বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মাঠে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি চুরির ঘটনা নাকি অন্য কোনোভাবে ফোনটি হারিয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
এদিকে, ঘটনাটি ঘিরে বড় জনসমাগমে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে আয়োজকদের দাবি, পুরো ফাইনাল আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং ফোন হারানোর ঘটনাটি ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply