এশিয়া পয়েন্ট নিউজ কুষ্টিয়া:
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গোরস্থান কমিটিকে দাবিকৃত অর্থ দিতে না পারায় নাসির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ দাফন করতে না পারার অভিযোগ উঠেছে। প্রায় সাড়ে নয় ঘণ্টা মরদেহ পড়ে থাকার পর স্থানীয় এক ওয়ার্ড সদস্যের ব্যক্তিগত পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার সদরপুর ইউনিয়নের আজমপুর গ্রামে। নিহত নাসির উদ্দিন ওই গ্রামের মৃত আমদ আলীর ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, ভোরে জমিতে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান নাসির উদ্দিন। পরে তাকে স্থানীয় পুরাতন আজমপুর গোরস্থানে দাফনের উদ্যোগ নিলে গোরস্থান কমিটির পক্ষ থেকে উন্নয়ন কাজের জন্য ৪০ থেকে ৪৫ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। তাৎক্ষণিক কিছু টাকা দিয়ে বাকিটা পরে পরিশোধের প্রস্তাব দেওয়া হলেও দাফনের অনুমতি মেলেনি বলে দাবি তাদের।
বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। দীর্ঘ প্রায় সাড়ে নয় ঘণ্টা পর স্থানীয় ওয়ার্ড সদস্য ও সদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক আশার উদ্যোগে তার ব্যক্তিগত পারিবারিক গোরস্থানে নাসির উদ্দিনের দাফন সম্পন্ন হয়।
সদরপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির হাজ্বী আতিয়ার হোসেন বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মরদেহ দাফনে বাধা দেওয়া উচিত নয়। তিনি জানান, গোরস্থানে দাফনের জন্য অর্থ নেওয়ার বিষয়টি তিনি শুনেছেন।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন পুরাতন আজমপুর গোরস্থান কমিটির সভাপতি আবুল হোসেন। তার দাবি, নাসির উদ্দিন গোরস্থানের সদস্য ছিলেন না। সদস্যদের আপত্তির কারণেই সেখানে দাফন করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তার জানা ছিল না। অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply