অনলাইন ডেস্ক:
হবিগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির দাবি, তাদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়ী উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন জেলা যুবশক্তির সিনিয়র সেক্রেটারি জেনারেল তাওহীদ হাসান, ফুলবাড়ী উপজেলার সিনিয়র সদস্যসচিব রাজু, জেলা যুবশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, জেলা আহ্বায়ক সাদিকুর রহমান এবং নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম।
জাতীয় ছাত্রশক্তির অভিযোগ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস বলেন, হবিগঞ্জে হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। এ সময় প্রতিপক্ষের হামলায় তাদের বহু নেতা-কর্মী আহত হয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে, এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া অভিযোগ করেন, বিক্ষোভ কর্মসূচিতে দুই শতাধিক হামলাকারী অংশ নিয়ে নেতা-কর্মীদের ওপর আক্রমণ চালায়। তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
অন্যদিকে, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল দাবি করেন, ছাত্রশক্তির মিছিলে ছাত্রলীগের কিছু কর্মী অংশ নিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ছাত্রদলের এক কর্মীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করেই উভয় পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি আরও বলেন, ঘটনাস্থলে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা থাকলেও বিএনপির মূল দলের কেউ উপস্থিত ছিলেন না।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, বিক্ষোভ মিছিল চলাকালে আকস্মিকভাবে হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও খুব দ্রুত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply