গাজীপুর প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে গাজীপুর সদর উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও বিভিন্ন সামাজিক পরিসরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের মুছুল্লীর নাম আলোচনায় রয়েছে।
এক সাক্ষাৎকারে আবু তাহের মুছুল্লী বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। জনগণই আমার শক্তি ও অনুপ্রেরণা। জনগণ চাইলে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করব।”
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। দল যাকে মনোনয়ন দেবে, বিএনপির প্রার্থী হিসেবে তিনিই নির্বাচন করবেন। তবে জনগণের সমর্থন পেলে তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলেও জানান তিনি।
দলীয় সূত্রে জানা যায়, আবু তাহের মুছুল্লী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করে যেতে চান। জনগণের ভাগ্যোন্নয়নকে সামনে রেখেই রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply