স্টাফ রিপোর্টার বগুড়া:
বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল উত্তেজনায়। গেটের বকশিশের টাকা দেওয়াকে কেন্দ্র করে বগুড়ায় বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় বরপক্ষের কয়েকজনকে মারধর, আটকে রাখা এবং ১৩টি মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে কনেপক্ষ।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শাহ আলম ও সাগরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ফেলুরপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সাগর মিয়ার সঙ্গে তিলেরপাড়া গ্রামের টুটুল মিয়ার মেয়ে সাথী আক্তারের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। নির্ধারিত সময়ে বরযাত্রী কনের বাড়িতে পৌঁছানোর পর গেটের বকশিশের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরপক্ষের দাবি, বকশিশের টাকা নিয়ে বিরোধের জেরে কনেপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে নারীসহ কয়েকজন আহত হন। সংঘর্ষের সুযোগে ১৩টি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাদের এক স্বজন নিখোঁজ রয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
অন্যদিকে কনেপক্ষের বক্তব্য, বরপক্ষই প্রথমে উত্তেজনা সৃষ্টি করে এবং বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর চালায়। হামলা বা ছিনতাইয়ের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তাদের।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, গেটের বকশিশের টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হওয়ার পাশাপাশি মোবাইল ফোন হারানোর অভিযোগও পাওয়া গেছে। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply